ফাইল ছবি
চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনের অভিযোগে র্যাবের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ নকল সাবান, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) পরিচালিত এই অভিযানে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক আব্দুর রহিমের সঙ্গে র্যাবের একটি দল অংশ নেয়। অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের নামে উৎপাদিত অবৈধ নকল সাবান ও উৎপাদন সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যারা এই ধরনের কার্যক্রমে যুক্ত, তাদেরকে যাতে আইনের আওতায় আনা যায় সে দিকে নজর রাখা হচ্ছে।
তিনি বিশেষভাবে সতর্ক করে বলেন, নকল ও ভেজাল পণ্যের বাজারজাতকরণ সাধারণ মানুষের স্বাস্থ্যকে মারাত্মকভাবে বিপন্ন করতে পারে। তাই র্যাবের অভিযান শুধুমাত্র একটি কারখানায় সীমাবদ্ধ থাকছে না; এই ধরনের সকল অবৈধ উৎপাদন ও বাজারজাতকরণ রোধে নিয়মিত নজরদারি চালানো হবে।
ম. র





