ফাইল ছবি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ চাই না। হিন্দু ভাইদেরকে অনেকেই ভয় দেখায়। এটা যেন কেউ না করে। তারা এ দেশের সমান অধিকারপ্রাপ্ত নাগরিক।”
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আখনগর ইউনিয়নের ঝাড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, বিএনপির সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেন না। সকলকে সমানভাবে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া হবে। ভোটের দিন হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের সুরক্ষা নিশ্চিত করবেন।
তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে সরাসরি উপকৃত হবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ড চালুর কথাও উল্লেখ করেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে ফখরুল বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই। নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
ম.র





