শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩

Aporup Bangla

“কৃষক-শ্রমিককে সম্মান না করলে বাবাকে অপমান করা হবে”—শফিকুর রহমান

দেশজুড়ে

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

“কৃষক-শ্রমিককে সম্মান না করলে বাবাকে অপমান করা হবে”—শফিকুর রহমান

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কৃষক ও শ্রমজীবী মানুষের পরিশ্রমের প্রতি সম্মান দেখানো তার ঈমানি দায়িত্ব। তিনি বলেন, “আমি কোনো ধনী পরিবারে জন্ম নিইনি। আল্লাহর রহমতে আমি একজন কৃষক পরিবারের সন্তান। কৃষক-শ্রমিকদের অসম্মান করা মানে আমার বাবাকে অপমান করা।”

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার শিমুলবাখ দক্ষিণহাটি এলাকায় দলীয় সমর্থক শাহ আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের প্রতি সম্মান দেখানো তার বিশ্বাসের অংশ। “কৃষক-শ্রমিকরা কঠোর পরিশ্রম করে হালাল রুজি উপার্জন করেন। তাদের ঘামের গন্ধ আমার কাছে আতরের মতো মনে হয়,”—যোগ করেন তিনি।

জামায়াতের আমির জানান, তিনি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পান—একদল নিষ্পাপ শিশু, যাদের কাছে গেলে ফেরেশতার সান্নিধ্যে থাকার অনুভূতি হয়; আরেকদল দিনমজুর ও শ্রমজীবী মানুষ, যারা রক্ত-ঘাম ঝরিয়ে পরিবারের মুখে খাবার তুলে দেন।

স্মরণসভায় তিনি শাহ আলমের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। বলেন, যতদিন তিনি সংগঠনের দায়িত্বে থাকবেন, ততদিন এ দায়িত্ব পালন করবেন। ভবিষ্যৎ নেতৃত্বও এ দায়িত্ব বহন করবে বলে আশা প্রকাশ করেন।

স্মরণসভা শেষে তিনি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস ছালামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নিকলী উপজেলার ছাতিরচরে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন ডা. শফিকুর রহমান। জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নামে এক কর্মী নিহত হন। এছাড়া, ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আরেকটি সমাবেশে যাওয়ার পথে স্ট্রোকে শাহ আলম (৫০) নামে এক সমর্থকের মৃত্যু হয়।

স্মরণসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়