ফাইল ছবি
সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে তাকে প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার বিষয়টি জানানো হয়। পরে বিকেল ৪টা ২৮ মিনিটে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সঞ্চালনা করেন। মোট ২৩ জনের সঙ্গে তিনিও প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হন টুকু। তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত প্রার্থী আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট।
এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে তিনি ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ম.র





