ফাইল ছবি
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করেছে।
ঢাকায় আয়োজিত ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি, যা ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন, এবং আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে এটি বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে ওয়ালটন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করেছে ওয়ালটন।
এ উপলক্ষ্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লেস সেসা বলেন, “এটি শুধু একটি ব্র্যান্ড নির্বাচন নয়, বরং এটি একটি জাতির অগ্রগতির স্বীকৃতি। জার্সিতে বা স্টেডিয়ামে লোগো প্রদর্শনের বাইরে, এটি ব্র্যান্ডের সক্ষমতার স্বীকৃতি। তরুণরা যখন আর্জেন্টিনার খেলা দেখে, তারা দক্ষতা, দলগত কাজ ও অধ্যবসায় শিখবে। এবং এখন তারা সেই আদর্শের সঙ্গে একটি বাংলাদেশি ব্র্যান্ডকেও দেখবে।”
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, “আর্জেন্টিনার ফুটবল চেতনা বাংলাদেশে লক্ষ লক্ষ ভক্তের মধ্যে ছড়িয়ে আছে। বিশ্বকাপের সময় ঢাকা, চট্টগ্রাম ও গ্রামাঞ্চল আকাশি নীল ও সাদা পতাকায় ভরে ওঠে। ওয়ালটন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অংশ হতে পেরে গর্বিত।”
তিনি আরও জানান, “ফুটবল আমাদের রক্তে মিশে আছে। ওয়ালটনে আমরা সব খেলাধুলাকে সমর্থন করি। বিশ্বকাপ চলাকালীন সারা দেশে অফিস, কারখানা ও কর্মচারীদের মধ্যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ালটন হাই-টেকের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম। স্বাগত বক্তব্য দেন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।
ম.র





