ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক-এর ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নতুন গভর্নর মোস্তাকুর রহমান স্পষ্ট করেছেন, কথার চেয়ে কাজে অগ্রাধিকার থাকবে।
আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় তিনি বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও ব্যাংকের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, “কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।”
এর আগে বুধবার বিকেলে সরকার তাকে ৪ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ তাকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে সাবেক গভর্নরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং পরে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।
মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩তম সদস্য ছিলেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জে অবস্থিত পরিবেশবান্ধব কারখানা হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক।
ম.র





