ফাইল ছবি
বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে রাজধানীতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মুরগির দাম। তবে সরবরাহ বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে ইলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজারে পটল, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গার দাম কেজিতে ২০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০ টাকা, টমেটো ও গাজর ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে।
এ ছাড়া পেঁপের দাম কেজিতে ২০ টাকা বেড়ে, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা কেজি হয়েছে।
কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৫০ থেকে ৬০, শসা ৭০ থেকে ৮০, বরবটি ৬০ থেকে ৮০ এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লেবু এক হালি ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা কলা এক হালি ৪০ টাকা এবং চালকুমড়া প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শীতকালীন সবজি শিমের দাম তুলনামূলক বেশি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা দরে। তবে মুলার দাম কেজিতে ১০ টাকা কমে ৫০ টাকা হয়েছে। ফুলকপি ৬০ থেকে ৮০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৮০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।
বেড়েছে মুরগির দাম
মুরগির বাজারেও দাম বেড়েছে। সোনালি কক কেজিতে ২০ টাকা বেড়ে ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার ১০ টাকা বেড়ে ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শাকের মধ্যে লাল শাক এক আঁটি ১৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সরবরাহ বাড়লেও ইলিশের দাম অপরিবর্তিত
বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম কমেনি। ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৯০০ থেকে ১ হাজার টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে ইলিশের সরবরাহ ভালো রয়েছে। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে মাছের দামে।
অন্যান্য মাছের মধ্যে চাষের শিং আকারভেদে ৩০০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০, রুই ৪০০ থেকে ৫৫০, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ এবং চাষের পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০, বড় কাতল ৪০০ থেকে ৫৫০, পোয়া ৩৫০ থেকে ৪০০, পাবদা ৪০০ থেকে ৪৫০, তেলাপিয়া ২৪০, কৈ ২২০ থেকে ২৩০, মলা ৫০০, বাতাসি টেংরা ১ হাজার ৪০০, টেংরা ৫০০ থেকে ৮০০, কাচকি ৫০০ এবং পাঁচমিশালি মাছ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের বাজারেও বিভিন্ন দাম
ডিমের বাজারে মুরগির লাল ডিম এক ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিম এক হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম এক হালি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ম.র





