ফাইল ছবি
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে।এর মধ্যে ঢাকা বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের বুধবার (২৭ মে) প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ মে সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭২ জনে।একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন। অর্থাৎ এ পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৯ জনে। একই সময়ে নতুন করে ৬২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৮৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৩৩ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১০৩ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৩ হাজার ৪৬৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ হাজার ৯০৩ জন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৭৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১৮৬ জন। এছাড়া চট্টগ্রামে আক্রান্ত ১০ হাজার ৮৩৩ জন, রাজশাহীতে ৬ হাজার ২১২ জন, বরিশালে ৫ হাজার ৮৬৭ জন এবং খুলনায় ৫ হাজার ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি মোকাবিলায় নজরদারি, চিকিৎসা ও টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ম.র





