শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩

Aporup Bangla

ইতিহাসে প্রথমবার: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন

খেলাধুলা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৯, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ

ইতিহাসে প্রথমবার: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়ন

ছবি : সংগ্রহ

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এমন ফাইনাল ফুটবল বিশ্ব আগে কখনো দেখেনি।  আগামী রোববার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফুটবলবিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক মহাকাব্যিক লড়াইয়ের। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 
ক্রীড়া তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপটা’র তথ্য অনুযায়ী, বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান দুই চ্যাম্পিয়ন দল বিশ্বসেরার ট্রফির জন্য ফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামছে।

স্পেন ও আর্জেন্টিনা দুই দলই নিজ নিজ মহাদেশে বর্তমানে শ্রেষ্ঠত্বের আসনে বসে আছে। ২০২৪ সালের ইউরো ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরোপসেরা হয়েছিল স্পেন।

অন্যদিকে, একই বছর অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখে আর্জেন্টিনা।
দুই মহাদেশের এই দুই চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হওয়ার কথা ছিল চলতি বছরের মার্চ মাসেই।

উয়েফা ও কনমেবলের যৌথ আয়োজন ‘ফিনালিসিমা’র (যেখানে ইউরোপ ও লাতিন চ্যাম্পিয়নরা মুখোমুখি হয়) মাঠে নামার কথা ছিল তাদের। 
এর আগে ২০২২ সালের ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে এ বছরের ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে ভাগ্যের লিখন এমনই যে, বাতিল হওয়া সেই ফিনালিসিমার মহারণই এখন রূপ নিয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ; বিশ্বকাপের ফাইনালে!

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই ম্যাচে মাঠে নামছে তাদের ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে (এর আগে ১৯৭৮, ১৯৮৬ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল তারা)। অন্যদিকে, ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলতে মরিয়া স্প্যানিশরা। শেষ পর্যন্ত ইউরোপ নাকি লাতিন আমেরিকার ঘরে যাবে বিশ্বজয়ের সোনালী ট্রফি, তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়