ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেল বা ‘আয়নাঘর’-এ গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি গ্রহণ শুরু করে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
রাষ্ট্রপক্ষে শুনানি করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মামলায় গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তাকে সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গ্রেপ্তার তিন কর্মকর্তা
মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী
পলাতক আসামিরা
মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিনসহ আরও কয়েকজন সাবেক কর্মকর্তা।
২৩ নভেম্বর আজকের শুনানির তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল। পলাতকদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়। পরে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত আইনজীবী জেডআই খান পান্না দায়িত্ব থেকে সরে দাঁড়ালে নতুন করে মো. আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়।
গত ৮ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারি করেন আদালত।
ম.র





