ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ট্রাইব্যুনালে পৌঁছান।
ট্রাইব্যুনাল–২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ তার সাক্ষ্য গ্রহণ করছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যসহ ৩০ আসামির বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিচ্ছেন।
মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে সকালেই আদালতে আনা হয়। তারা হলেন—উপসহকারী উপপরিদর্শক আমির হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
গত কয়েক সপ্তাহ ধরে মামলাটিতে ধারাবাহিকভাবে সাক্ষ্য গ্রহণ চলছে। ইতোমধ্যে পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীসহ একাধিক ব্যক্তি আদালতে ঘটনার বিবরণ দিয়েছেন। অনেকেই জানিয়েছেন, ১৬ জুলাইয়ের ঘটনায় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং পরে পুলিশ তার মরদেহ নিয়ে যায়।
২৮ আগস্ট প্রথম সাক্ষী হিসেবে আবু সাঈদের বাবা মকবুল হোসেন জবানবন্দি দেন। এরপর থেকেই নিয়মিত সাক্ষ্যগ্রহণ চলছে। চলতি বছরের ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
৩০ আসামির মধ্যে ২৪ জন এখনও পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এ মামলায় মোট সাক্ষী ৬২ জন।
ম.র





