ফাইল ছবি
ভর্তার কথা উঠলেই বাঙালির মুখে জল আসা স্বাভাবিক। ভর্তা প্রেমীদের তালিকায় যুক্ত হয় নানান উপকরণের মিশ্রণে তৈরি অগণিত স্বাদ। তারই মধ্যে অত্যন্ত সহজ এবং ঝটপট তৈরি করা যায় বেগুন–টমেটোর ভর্তা, যা খেতে যেমন মজাদার, প্রস্তুত করতেও সময় লাগে খুব কম। হাতের কাছের সাধারণ উপকরণ দিয়েই রেঁধে নিতে পারেন এই ঘরোয়া পদটি।
✦ প্রয়োজনীয় উপকরণ
বেগুন — ২টি
টমেটো — ২টি
পেঁয়াজ কুচি — ২–৩টি
হলুদ গুঁড়া — অল্প
শুকনা মরিচ — ৭–৮টি
সরিষার তেল — পরিমাণমতো
লবণ — স্বাদ অনুযায়ী
ধনিয়া পাতা — এক মুঠো
✦ যেভাবে তৈরি করবেন
প্রথমে বেগুন ও টমেটো ভালোভাবে ধুয়ে টুকরো করে নিন। এরপর সামান্য লবণ ও হলুদ মাখিয়ে খুব বেশি তেল ছাড়াই আলাদা করে হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিন।
একটি বাটিতে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, লবণ এবং ধনিয়া পাতা একসঙ্গে মাখিয়ে নিন। এখন তাতে ভাজা বেগুন ও টমেটো যোগ করে আবার মেখে নিন। সবশেষে সরিষার তেল ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।
গরম ভাত, খিচুড়ি কিংবা রুটির সঙ্গে দারুণ উপভোগ্য এই বেগুন–টমেটোর ভর্তা খুব সহজেই আপনার নিয়মিত খাবারের তালিকায় নতুন স্বাদ যোগ করবে।
ম. র





