শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩

Aporup Bangla

শিক্ষার্থীরা সড়কে নামেনি, স্বাভাবিক রয়েছে যান চলাচল

জাতীয়

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ

শিক্ষার্থীরা সড়কে নামেনি, স্বাভাবিক রয়েছে যান চলাচল

রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা থাকলেও দুপুর পর্যন্ত রাজধানীর সড়কে নামেনি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও লং মার্চ বা সড়ক অবরোধের কোনো চিত্র দেখা যায়নি। পূর্বঘোষণা অনুযায়ী, পরীক্ষা শেষে বেলা দেড়টা থেকে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, মগবাজার, ইসিবি চত্বর ও উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হওয়ার কথা ছিল। সরেজমিনে সায়েন্সল্যাব মোড় ঘুরে দেখা যায়, দুপুর দেড়টার পরও অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে যান চলাচল করছে।

কোথাও কোনো অবরোধ বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। এলিফ্যান্ট রোডে পুলিশের একটি জলকামান প্রস্তুত রাখা হয়।
এ ছাড়া ঢাকা সিটি কলেজের সামনে পুলিশের দুটি টহল গাড়ি অবস্থান করতে দেখা যায়।
সিটি কলেজে পরীক্ষা দিতে আসা একাধিক শিক্ষার্থী সংবাদমাধ্যমকে জানায়, আজকের পরীক্ষা ভালো হয়েছে এবং প্রশ্নও স্বাভাবিক ছিল।

তাদের ভাষ্য, অনেকেই আন্দোলনে অংশ নিতে আগ্রহী নয়।
এক শিক্ষার্থী বলেন, আজকের পরীক্ষা আমাদের ভালো হয়েছে। প্রশ্নও স্বাভাবিক ছিল। আমরা অনেকেই এ আন্দোলন করতে চাই না। আন্দোলন করে কী হবে? এর চেয়ে পরীক্ষা দেওয়া অনেক ভালো। এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। পরে তারা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন শেষে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হয়। সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিলেও সন্ধ্যার পর আবারও তারা অবস্থান নেয়। পরে রাত ১০টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করে।

অবরোধ প্রত্যাহারের আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ উপস্থিত শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ঘোষণা দেয়, ‘আজ রাতের মধ্যে যদি আমাদের পরীক্ষা স্থগিত করা না হয়, তাহলে আগামীকাল (বুধবার) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

ম.র

Bijoy

সর্বশেষ

জনপ্রিয়