স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
রাষ্ট্রপতির পদ ছেড়ে দেওয়া মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার, সেটা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার, সেটা তিনি পাবেন। সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য আইন অনুযায়ী ছয় মাস পর্যন্ত বিশেষ নিরাপত্তা সুবিধা রয়েছে। এ সময় তিনি এসএসএফ, পিজিআরসহ নির্ধারিত নিরাপত্তা পাবেন। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও তার নিরাপত্তা নিশ্চিত করবে।
’তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
তিনি পদত্যাগ করতে চাইলে সেটা করতে পারেন বলে সংবিধানে বিধান আছে। স্পিকার সেটি গ্রহণও করেছেন। এগুলো সব আইনি প্রক্রিয়া।’
‘এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা গালি দিচ্ছেন, সেই অধিকার তাদের আছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আমরা কী প্রত্যাশা করি? রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে।’
রাষ্ট্রপতি হওয়ার আগে সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগ নিয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, সেই সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা সেই সময়কার বিষয়। সেটা আইন অনুসারে চলবে।
সরকার এক সপ্তাহের বেশি টিকবে না—বিরোধী এক রাজনীতিবিদের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এক সপ্তাহ পরে কী হয়, সেটার জন্য অপেক্ষা করি। সব বিষয়ে মন্তব্য করার মতো যোগ্য তিনি নন।
ম.র





