বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

৬১ ফ্লাইট বাতিলে বিপাকে ৯ হাজারের বেশি যাত্রী

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ১৩ অক্টোবর ২০২৬

সর্বশেষ

৬১ ফ্লাইট বাতিলে বিপাকে ৯ হাজারের বেশি যাত্রী

ছবি : সংগ্রহ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে রিয়াদগামী ও রিয়াদ হয়ে চলাচলকারী ৬১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী।শনিবার থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সৌদিয়া এয়ারলাইনসের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি, ফ্লাইদুবাইয়ের ৫টি, সালামএয়ারের ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদে যাওয়ার কথা ছিল।
তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব বিমান সংস্থা ঢাকা থেকে যাত্রী পরিবহন করেনি। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।

এর আগে শনিবার হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। গত এক সপ্তাহে বিমানবন্দরটিতে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।

ওই দিন হুতিরা বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজেও হামলা চালায়। এতে ওই পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এই সংঘাতে রিয়াদ বিমানবন্দর হুতিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এর আগে হুতিরা সতর্ক করে জানিয়েছিল, সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কোনো বিমান সংস্থা চলাচল করলে তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে। এর পরদিন শনিবার রিয়াদের বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।

বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের পাশাপাশি রিয়াদ হয়ে অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

ম.র

সর্বশেষ