ফাইল ছবি
দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের সওগাত নিয়ে সমাগত। এ মাসের শেষ দশকে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান তাকওয়া অর্জন, সহনশীলতা চর্চা এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির মাস বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ একটি নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। দীর্ঘ সময়ের জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে জনগণ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান প্রেক্ষাপটে নাগরিকরা মৌলিক মানবাধিকার ও ন্যায়সংগত অধিকার পুনরুদ্ধারের প্রত্যাশা করছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। শান্তি, স্বস্তি ও মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে ন্যায়সংগত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনমানের বিষয়ে সরকারকে বিশেষ নজর দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ইফতার সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে সুষ্ঠু বাজারব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তিতে সিয়াম পালন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনে ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা ও মুড়িসহ প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার পরামর্শ দেন তিনি।
এছাড়া দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। একইসঙ্গে তিনি দেশবাসীকে পবিত্র আল কুরআনের শিক্ষার আলোকে আত্মশুদ্ধি ও সমাজ পুনর্গঠনের মাস হিসেবে রমজানকে গ্রহণ করার আহ্বান জানান।
ম.র





