ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মন্তব্য করেছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্প্রতি একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারে উঠে আসা তথ্য দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
গোলাম পরওয়ার বলেন, “‘রাষ্ট্রপতি’ পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের গোপন বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন, যা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এতে জাতির মধ্যে নতুন বিতর্ক ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।”
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতিকে সংযত ও পরিমিত বক্তব্য দেওয়া এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।
ম.র





