দুটি পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পূবালী ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’-এ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি.। প্রতিটি স্কিমের তহবিলের আকার ১,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আওতায় পরিচালিত এ দুটি স্কিমের জন্য পূবালী ব্যাংক পৃথক দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে একই দিনে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ. কে. এম. নূরুন্নবী এবং পূবালী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি.’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা এবং আরএমজি ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম সরকারসহ বাংলাদেশ ব্যাংক ও পূবালী ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সরকার ঘোষিত বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন তথা বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা , জাতীয় টেকসই উন্নয়ন কৌশল ইনটেনডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস (ওঘউঈং), বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (ঝউএং) অর্জনের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া এবং দেশের আর্থিক খাতকে আরও পরিবেশবান্ধব করার লক্ষ্যে গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে অর্থায়ন উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক ১,০০০ কোটি টাকার ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ গঠন করেছে।
এ স্কিমের মাধ্যমে গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা এবং পরিবেশসম্মত শিল্প উদ্যোগে অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হবে। এর ফলে পরিবেশবান্ধব বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি টেকসই উৎপাদন ব্যবস্থা ও দায়িত্বশীল শিল্পায়নের প্রসার আরও গতিশীল হবে।
অন্যদিকে, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় বাংলাদেশ ব্যাংক ১,০০০ কোটি টাকার তহবিল গঠন করেছে। আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আইসিটি খাতের দক্ষতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্যোগ সম্প্রসারণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন প্রযুক্তি ও সেবা বিকাশে সহায়তা করাই এ স্কিমের অন্যতম লক্ষ্য। এর আওতায় সফটওয়্যার ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, ফিনটেক, ক্লাউড কম্পিউটিং, ই-কমার্স, রোবোটিক্স, সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় রয়েছে।
এ দুটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংক পিএলসি. পরিবেশবান্ধব শিল্প উদ্যোগ এবং সম্ভাবনাময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অর্থায়ন সম্প্রসারণে আরও কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে যোগ্য উদ্যোক্তা ও প্রতিষ্ঠানসমূহের জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের টেকসই শিল্পায়ন, প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা আরও গতিশীল হবে।





