ফাইল ছবি
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে চলমান সমস্যা সমাধান এবং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তা করা প্রয়োজন। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত এবং পাকিস্তান–ভারত ম্যাচ বয়কটের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সংকটময় অবস্থায় পড়েছে।
আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, রাজনীতি যখন দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট তখন দরজা খুলে দিতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে না। এটা দুঃখজনক। তবে আমি সরকারের সিদ্ধান্তের পক্ষে আছি।”
তিনি আরও বলেন, “আইসিসিকে তাদের নেতৃত্বের প্রমাণ দেখানোর এখনই সময়। শুধু কথায় নয়, সিদ্ধান্তের মাধ্যমে তাদের প্রমাণ করতে হবে যে তারা প্রতিটি দলের সঙ্গে নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য।”
পাকিস্তান সরকারও রোববার (১ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছে, পাকিস্তান ক্রিকেট দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করবে, তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না।
আইসিসি এই পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে এবং আগামী টুর্নামেন্টের আয়োজনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে পারে। আফ্রিদি মনে করেন, এই সংকটের সমাধানে আইসিসির অবিলম্বে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ম.র





