ফাইল ছবি
আসন্ন অমর একুশে বইমেলা–২০২৬-এ প্রকাশিত হতে যাচ্ছে কবি ও গীতিকার মুনাওয়ার হাসনাইনের প্রথম কাব্যগ্রন্থ ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’। বইটি প্রকাশ করছে আলোর ঠিকানা প্রকাশনী। একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৩৫৬–৩৫৭ নম্বর স্টলে পাওয়া যাবে কাব্যগ্রন্থটি।
বয়সে তরুণ হলেও মুনাওয়ার হাসনাইন ছন্দনৈপুণ্য ও নান্দনিক উপমার ব্যবহারে ইতোমধ্যে সাহিত্যাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। কবিতা ও গানে তার আলাদা কাব্যভাষা পাঠক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে।
কবি ও গীতিকার রাকিবুল এহসান মিনা বইটি সম্পর্কে বলেন,
‘মুনাওয়ার বয়সে তরুণ হলেও সাহিত্যে তার হাত যথেষ্ট পরিণত। এই কাব্যগ্রন্থের নাম নির্বাচন থেকে শুরু করে প্রতিটি পাতায় সেই পরিপক্বতার স্বাক্ষর রয়েছে। লেখকের নাম ছাড়া পাণ্ডুলিপি পড়লে বোঝাই যেত না এটি কোনো তরুণের প্রথম কাব্যগ্রন্থ।’
বাংলাদেশ সাহিত্য মঞ্চ-এর সভাপতি রবিউল ইসলাম শেখ বলেন,
‘পড়াশোনা, শিল্পচর্চা ও আন্দোলনের সমান্তরাল অভিযাত্রায় মুনাওয়ার হাসনাইন নিজেকে নির্মাণ করছেন এক দায়বদ্ধ, সংবেদনশীল ও সৃজনশীল লেখক হিসেবে। তারই প্রতিফলন ‘গোলাপের ভাঁজে ভাঁজে বিপ্লবের দাগ’ গ্রন্থে ফুটে উঠেছে।’
উল্লেখ্য, মুনাওয়ার হাসনাইনের লেখা জনপ্রিয় গান ‘রক্ষাকবচ’ ইতোমধ্যে শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। এছাড়াও তার রচিত আরও বেশ কিছু গান প্রশংসিত হয়েছে।
ম.র





