মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩

Aporup Bangla

পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তি নিয়ে সরকারের বিশ্লেষণ অব্যাহত

অর্থনীতি

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

পাল্টা শুল্ক ও বাণিজ্যচুক্তি নিয়ে সরকারের বিশ্লেষণ অব্যাহত

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক এবং দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে পরিস্থিতি এখনও বিকাশমান বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিষয়টি আরও পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করে। এর জবাবে নতুন বৈশ্বিক শুল্ক আরোপের নির্দেশ দেওয়া হয়। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সই করা বাণিজ্যচুক্তি এবং নতুন শুল্ক পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত আগের ধার্যকৃত ট্যারিফ বহালযোগ্য নয় বলে ঘোষণা করেছে। এরপর সব দেশের জন্য প্রথমে ১০ শতাংশ, পরে ১৫ শতাংশ শুল্কের ঘোষণা আসে। তবে এ বিষয়ে এখনো সরকারি পর্যায়ে কোনো লিখিত কাগজপত্র পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। ফলে পুরো বিষয়টি একটি চলমান প্রক্রিয়া।

বাণিজ্যচুক্তি নিয়েও পর্যালোচনা

মন্ত্রী জানান, বিগত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্যচুক্তি করেছে, সেটি নিয়েও এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি। চুক্তির পক্ষে-বিপক্ষে বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। উপযুক্ত বিশ্লেষণের পর করণীয় নির্ধারণ করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনার সময় কিছু নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট ছিল। চুক্তিটি সংবেদনশীল হওয়ায় এ মুহূর্তে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা ঠিক হবে না।

ব্যবসায়ীদের মতামত ও বাজার পরিস্থিতি

শুল্ক ও বাণিজ্যচুক্তি নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন খাতের সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে।

বর্তমান দ্রব্যমূল্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকিভুক্ত পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। তবে রমজান শুরুর আগে অতিরিক্ত কেনাকাটার কারণে কিছু সবজির দাম সাময়িকভাবে বেড়েছিল। যেমন ৪০-৫০ টাকার লেবু ১২০ টাকায় ওঠে, যা এখন আবার স্বাভাবিক পর্যায়ে ফিরেছে।

চাঁদাবাজি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে অনেক সরকার আশ্বাস দিলেও কার্যকর ফল পাওয়া যায়নি। বর্তমান সরকার বাস্তব পদক্ষেপ নিয়ে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।

ম.র

Bijoy

সর্বশেষ