ছবি : সংগ্রহ
ক্যাশলেস বাংলাদেশ গড়তে নগদ টাকার লেনদেন কমিয়ে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলা কিউআরে লেনদেনে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে কেনাকাটা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলা কিউআর পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ প্ল্যাটফর্ম এবং এটি পুরোপুরি এনক্রিপ্টেড।
ফলে এই সিস্টেমের মাধ্যমে কোনো ধরনের অনিয়ম সংঘটিত হওয়ার সুযোগ থাকবে না। তিনি বলেন, আমাদের ধীরে ধীরে নগদ টাকার লেনদেন কমিয়ে আনতে হবে।
বাংলা কিউআর কোড মূলত সবার সুবিধার জন্য এবং বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ডিজিটাল লেনদেনে দেশের সর্বস্তরের মানুষকে যুক্ত করার জন্যই এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা কিউআরের সুবিধার কথা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। যে ব্যাংকেরই অ্যাকাউন্ট হোক না কেন, টাকা সরাসরি নির্ধারিত অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এমনকি সাধারণ শ্রমিকরাও এই পদ্ধতির মাধ্যমে সহজে লেনদেন পরিচালনা করতে পারবেন।
নতুন এই ব্যবস্থার শুরুতে কিছু ছোটোখাটো ত্রুটি হতে পারে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যেকোনো নতুন প্রযুক্তি চালুর পর শুরুতে কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। বিশ্বের অন্যান্য দেশেও শুরুতে এমনটা হয়েছিল, যেখানে এখন আর নগদে লেনদেনই হয় না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ ধরনের কারিগরি ত্রুটি কাটিয়ে ওঠা সম্ভব হবে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ব্যবস্থা, যা সাধারণ মানুষের ব্যবহারের জন্য অত্যন্ত কার্যকর।
সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক নির্দেশনায় ডাচ-বাংলা ব্যাংক এই বিশেষ উদ্বোধনী কর্মসূচির আয়োজন করে। গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষকে উৎসাহিত করতে ব্যাংকটি সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে আসছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান উপস্থিত ছিলেন।
ম.র





