ফাইল ছবি
শিশুস্বাস্থ্য খাতে **প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কেবল যান্ত্রিক সক্ষমতা যথেষ্ট নয়; এ কাজে মানবিক দায়িত্ববোধ ও বাস্তব দক্ষতার সমন্বয় অপরিহার্য।
শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট (বিএসএইচঅ্যান্ডআই)-এর পুনর্নির্মিত ও আধুনিকীকৃত কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন,
“দেশের শিশুস্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা ইউনিটগুলোর সম্প্রসারণ সময়ের দাবি। তবে শুধুমাত্র যন্ত্রপাতি বা অবকাঠামো উন্নয়ন দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। বাস্তব জ্ঞান, প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এবং মানবিক মনোভাবের সমন্বয়েই প্রকৃত স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।”
তিনি আরও বলেন, শিশু রোগীদের প্রতি মানবিক দায়িত্ববোধ এবং সেবাদাতাদের মানসিক প্রস্তুতি মূল বিষয়। সরকার শিশুস্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। এছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানান এবং আধুনিক সরঞ্জামের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএইচঅ্যান্ডআই ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আবু জাফর, ডা. মাহবুবুল হক এবং ডা. মোহাম্মদ মনির হোসেন।
হাসপাতালের আধুনিকীকৃত কার্ডিয়াক আইসিইউ চালু হওয়ায় জটিল হৃদরোগে আক্রান্ত শিশুদের উন্নত পরিচর্যা ও জরুরি চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এটি শিশুস্বাস্থ্য খাতে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিনির্ভর উন্নয়ন।
ম. র





