ফাইল ছবি
ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট শেষে তার প্যারিস পৌঁছানোর কথা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরে ড. ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়।
সফরসঙ্গীদের সঙ্গে তিনি নির্ধারিত সময়েই বিমানবন্দরে পৌঁছান এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা করেন।
তবে তার এ সফরের উদ্দেশ্য, অবস্থানের মেয়াদ কিংবা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যক্তিগত ও আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই তিনি ফ্রান্স সফরে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ড. মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ওই বছরের ৮ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ড. ইউনূস আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনকারী ড. ইউনূস বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।
ম.র





