ফাইল ছবি
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল–ভিত্তিক খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ করেন। পরে তারা সবাই শাহবাগে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীদের দাবি—স্কুলিং মডেল বাতিল করতে হবে এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখতে হবে।
ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, “স্কুলিং মডেল বাস্তবায়ন হলে এসব কলেজে উচ্চমাধ্যমিকের অস্তিত্ব থাকবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
এদিকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারি করার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরাও আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া আটকে থাকায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল—সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুজবে কান না দিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।
ম.র





