ফাইল ছবি
দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪০১ জনের মৃত্যু এবং ৯৮ হাজার ৭০৫ জনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দু’জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং একজন বরিশাল বিভাগের।
ঢাকা বিভাগে (করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৫ জন, দক্ষিণ সিটিতে ৭২ জন, বরিশালে (করপোরেশনের বাইরে) ৬৪ জন, চট্টগ্রামে ৬৩ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ৩১ জন, রাজশাহীতে ১২ জন এবং রংপুরে ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৬১.৫ শতাংশ এবং নারী ৩৮.৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২৮ জন। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ হয়েছেন ৯৬ হাজার ৭৬০ জন।
এই বছর ডেঙ্গু ছড়িয়েছে দেশের ৬৪ জেলায়। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা মহানগর এখনও সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। বরিশাল বিভাগ দ্বিতীয় অবস্থানে রয়েছে।২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর তথ্য সংগ্রহ শুরু করে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায় ২০২৩ সালে—তখন হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যায় ১,৭০৫ জন।
২০২৪ সালে রোগী ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
ম.র





