ফাইল ছবি
২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাসনিয়া তৌফিক নাবিহা এবং তৃতীয় হয়েছেন তাহমিদুল আলম।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল অনুযায়ী, দ্বিতীয় স্থান অর্জনকারী তাসনিয়া তৌফিক নাবিহার রোল নম্বর ২৪০৬৮৯৯। তিনি মোট ১৯১ নম্বর পেয়েছেন। তৃতীয় স্থান অর্জনকারী তাহমিদুল আলমের রোল নম্বর ১২০৯৩২৮ এবং তার প্রাপ্ত নম্বর ১৯০.৭৫।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শীর্ষ তিনে থাকা পরীক্ষার্থীদের মধ্যে নাবিহা ছিলেন সেকেন্ড টাইম পরীক্ষার্থী। অর্থাৎ তিনি এর আগেও মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে প্রথম ও তৃতীয় স্থান অর্জনকারী পরীক্ষার্থীরা প্রথমবারের মতো এই পরীক্ষায় অংশ নেন।
এবার সর্বোচ্চ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী। শান্ত ১৯১.২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। তার রোল নম্বর ২৪১৩৬৭১।
এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬৬.৫৭ শতাংশ। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮.২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এবং অনিয়মের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
চলতি শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন রয়েছে ১৩ হাজার ৫১টি। এর বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন পরীক্ষার্থী। ফলে প্রতিটি আসনের জন্য গড়ে নয়জনের বেশি পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন, যা মেডিকেল শিক্ষায় তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরেছে।
ম. র





