ফাইল ছবি
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
মৃত্যু ৩০৮, অক্টোবরেই ৬২
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০৮ জন। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১১ দিনেই মৃত্যু হয়েছে ৬২ জনের।
মাসভিত্তিক হিসাবে, সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজন মারা গেছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
হাসপাতালে ভর্তি এক লাখের বেশি
রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।
তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেক রোগী। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন। এ পর্যন্ত মোট ৯৫ হাজার ৩৩১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ঢাকায় সবচেয়ে বেশি রোগী
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮৭১ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮৭ জন, খুলনায় ২৯৮ জন, বরিশালে ২৪৩ জন, রাজশাহীতে ২৫৩ জন, ময়মনসিংহে ১০২ জন এবং রংপুরে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বাড়ছে উদ্বেগ
একদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে, অন্যদিকে অক্টোবরের শুরুতেই মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতিদিন হাজারের বেশি নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতেও বাড়ছে চাপ।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শুধু হাসপাতালে চিকিৎসা নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণে কার্যকর পদক্ষেপ জরুরি।
ডেঙ্গুর মৌসুমে জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ম.র





