ফাইল ছবি
পাবনার ঈশ্বরদীতে পুকুরে পানিতে ডুবিয়ে আটটি কুকুরছানা হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরাবর নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়েছে, অবিলম্বে ব্যবস্থা না নিলে হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের আবাসিক এলাকায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় মৃত আটটি কুকুরছানা উদ্ধার করা হয়।
ঘটনায় অভিযুক্ত হিসেবে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তাকে সরকারি বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা হাসানুল রহমান উপজেলা কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে কর্মরত। নোটিশ ও প্রশাসনের পদক্ষেপের পরও, মা কুকুরটিকে এখনও ওই পুকুরের পাশে আর্তনাদ করতে দেখা গেছে।
অভিযুক্ত হাসানুল রহমান দুঃখ প্রকাশ করে বলেন, “সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলো সরানোর পরামর্শ দিয়েছিলেন। তবে এগুলো মারা যাবে, তা ভাবিনি। আমি এ ঘটনায় লজ্জিত ও দুঃখিত।”
ম. র





