ফাইল ছবি
ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে এককভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ–এর ঢাকা বার ইউনিট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেনসহ অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ ও অ্যাডভোকেট ফারিদ উদ্দিন প্রমুখ।
আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় যে স্থবিরতা তৈরি হয়েছে, তা নিরসনে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানানো হচ্ছে। তিনি জানান, আইনজীবীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে এবং কার্যকর নেতৃত্ব দিতে সংগঠনটি আলাদা প্যানেল ঘোষণা করে এককভাবে নির্বাচনে অংশ নেবে।
সদস্য সচিব হাবিবুর রহমান বলেন, দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে ইতোমধ্যে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং সাধারণ আইনজীবীদের সচেতন ও উদ্বুদ্ধ করা হচ্ছে। বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় জোরদারে একটি শক্তিশালী নেতৃত্ব উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।
প্যানেলের সাধারণ সম্পাদক পদে আগ্রহ প্রকাশ করে অ্যাডভোকেট শেখ শওকত হোসেন বলেন, আইনজীবীদের অধিকার রক্ষার পাশাপাশি ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।
ম.র





