ফাইল ছবি
কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতে অনধিকার প্রবেশ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন—মো. মামুন (৩২), মো. আসলাম (২৪) ও মুন্না (২৯)।
মামলার এজাহার অনুযায়ী, শনিবার রাতে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটায় ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন ব্যক্তি বেআইনিভাবে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় কয়েকজন আহত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওসহ প্রকল্প এলাকার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় এবং নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও পেশাদার মিডিয়া সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এতে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৪ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ করা হয়েছে।
ঘটনায় সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
ম.র





