ফাইল ছবি
ভোলা জেলার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ঢাকায় বসবাসরত ভোলার মানুষ। তাদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, গ্যাস সংযোগ প্রদানসহ আরও কিছু উন্নয়ন দাবি।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল থেকে শাহবাগে বহু মানুষ জড়ো হয়ে ব্যানার-ফেস্টুন হাতে আন্দোলনে অংশ নেন। তারা জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণ তাদের প্রধান দাবি। এই সেতু হলে দুই অঞ্চলের মধ্যে সরাসরি সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ী হবে, যা অর্থনীতি ও জনজীবনে বড় পরিবর্তন আনবে।
আন্দোলনকারীরা বলেন, “ভোলার সাধারণ মানুষ বহুদিন ধরে এই সেতুর অপেক্ষায়। আমরা দিনের পর দিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি। আজকের মিছিলে হাজারো মানুষ অংশ নিয়েছেন—এটাই প্রমাণ করে ভোলাবাসীর দাবি কতটা জরুরি।”
তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত দাবি বিবেচনায় নিয়ে সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করবে। আন্দোলনকারীরা বলেন, সেতু বাস্তবায়িত হলে চিকিৎসা, শিক্ষা, ও বাণিজ্যসহ নানাখাতে উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে মানুষের উচ্চশিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়বে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ম. র





