বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ৬ অক্টোবর ২০২৬

সর্বশেষ

শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সব প্রাণীর প্রতি সদয় হতে হবে এবং পরিবেশ ও প্রকৃতির প্রতি যত্নশীল হতে হবে। এসব গুণের মধ্য দিয়েই শিশুদের মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।

এর আগে সকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে শিশুরা তাকে বরণ করে নেয়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পরে পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। এ সময় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী স্নেহের সঙ্গে শিশুদের নানা প্রশ্নের উত্তর দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া শিশুরা তার সঙ্গে কথা বলার সুযোগ পায়। পরে শিশু জাদুঘর ভবনে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন তারেক রহমান। একই ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করেন তিনি।

এর আগে শিশুদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ম.র

সর্বশেষ

জনপ্রিয়