রোববার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

২০২৭ সালে রোজা শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫০, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৫০, ১০ অক্টোবর ২০২৬

সর্বশেষ

২০২৭ সালে রোজা  শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি

ছবি : সংগ্রহ

২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে শুরু হবে তার পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা।তাদের পূর্বাভাস অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ২০২৭ সালের পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে। রমজান মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হতে পারে। সে হিসাবে ঈদুল ফিতর হতে পারে ৯ বা ১০ মার্চ।তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ অক্টোবর শুরু হতে পারে হিজরি ১৪৪৮ সালের জমাদিউল আউয়াল মাস। এর মধ্য দিয়ে রমজান শুরুর আগে আর চারটি চান্দ্র মাস বাকি থাকবে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আমিরাতের স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অমাবস্যা হবে।সূর্যাস্তের পর এ ঘটনা ঘটবে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে সোমবার (১২ অক্টোবর) জমাদিউল আউয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইসলামি চান্দ্রপঞ্জিকার অন্যতম বৈশিষ্ট্য হলো, বিশেষ কোনো যন্ত্র বা জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ছাড়াও চাঁদের দৃশ্যমান পরিবর্তন পর্যবেক্ষণ করে মাসের বিভিন্ন পর্যায় চেনা যায়। প্রথম বাঁকা চাঁদ থেকে অর্ধচন্দ্র ও পূর্ণিমা, এরপর ধীরে ধীরে চাঁদের ক্ষয় এবং একসময় অদৃশ্য হয়ে যাওয়া এসব পর্যায়ের মাধ্যমে চান্দ্র মাসের অগ্রগতি বোঝা যায়।

তবে জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে ভিন্ন পূর্বাভাস দিয়েছে ইউনিভার্সিটি অব শারজাহর অধিভুক্ত শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব। সংস্থাটির মতে, ১১ অক্টোবর সূর্যাস্তের পর খালি চোখে কিংবা প্রচলিত দূরবীক্ষণ যন্ত্র দিয়ে চাঁদটি দেখা যাবে না। তবে উন্নত অ্যাস্ট্রোফটোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের আগে চাঁদটি শনাক্ত করা সম্ভব হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অথবা সেই হিসাবের সহায়তায় পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল দেশগুলোতে ১২ অক্টোবর জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, সূর্যাস্তের পর খালি চোখে বা অপটিক্যাল টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার শর্ত অনুসরণকারী দেশগুলোতে মাসটি শুরু হতে পারে ১৩ অক্টোবর।

শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চাঁদের কেন্দ্রীয় সংযোগ বা অমাবস্যা ঘটবে। আর শারজাহর অবস্থান বিবেচনায় টপোসেন্ট্রিক সংযোগ ঘটবে রাত ৮টা ৪৭ মিনিটে।

সূত্র: গালফ নিউজ

ম.র

সর্বশেষ

জনপ্রিয়