মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩

Aporup Bangla

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

জাতীয়

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১, ২৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশির প্রত্যাবাসন

ফাইল ছবি

ঢাকা: লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে দেশটির রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফেরানো হয়। স্বেচ্ছায় প্রত্যাবাসনে আগ্রহীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর আশায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রত্যাবাসিত ব্যক্তিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা।

অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি ও মানবপাচার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের কাছে তুলে ধরার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রত্যাবাসন-পরবর্তী সহায়তার অংশ হিসেবে আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

ম.র

সর্বশেষ