মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩

Aporup Bangla

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

রাজনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ২৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। দিনটি উপলক্ষে দেশব্যাপী দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। দেশের যুবসমাজকে সংগঠিত করা এবং তাদের শক্তিকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর বিভিন্ন কর্মসূচি পালন করবেন সংগঠনটির নেতাকর্মীরা। আজ সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেবেন।

একই দিন দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র‍্যালি, সমাবেশ, রক্তদান ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং অসচ্ছল মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে।

যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন আবুল কাশেম। বিভিন্ন সময়ে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন একাধিক নেতা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু।

বর্তমানে জাতীয়তাবাদী যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নুরুল ইসলাম নয়ন।

ম.র

সর্বশেষ