শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩

Aporup Bangla

আর্জেন্টিনা–ব্রাজিল নয়, ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি চাহিদা পর্তুগাল–কলম্বিয়া ম্যাচে

খেলাধুলা

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ১৩ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

আর্জেন্টিনা–ব্রাজিল নয়, ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি চাহিদা পর্তুগাল–কলম্বিয়া ম্যাচে

ফাইল ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৫০ লাখ টিকিটের জন্য আবেদন জমা পড়েছে। টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা চললেও সমর্থকদের আগ্রহে কোনো ঘাটতি দেখা যায়নি বলে জানিয়েছে ফিফা।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ২০০টিরও বেশি দেশের সমর্থকরা টিকিট কেনার আগ্রহ দেখিয়েছেন। গ্রুপ পর্বের ড্র চূড়ান্ত হওয়ার পর এবারই প্রথম নির্দিষ্ট ম্যাচ অনুযায়ী টিকিটের জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন সমর্থকরা।

ফিফার তথ্যমতে, গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচের টিকিটে। আগামী ২৭ জুন মায়ামিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল দল।

এ ছাড়া ব্রাজিল বনাম মরক্কো, মেক্সিকো বনাম সৌদি আরব, ইকুয়েডর বনাম জার্মানি এবং স্কটল্যান্ড বনাম ব্রাজিল ম্যাচগুলোর টিকিটের প্রতিও উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ্য করা গেছে।

তৃতীয় ধাপে টিকিটের সবচেয়ে বেশি আবেদন এসেছে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সমর্থকদের আবেদন সংখ্যা বেশি।

এদিকে টিকিটের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের ফুটবলভক্তরা। জার্মান সকার ফেডারেশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বের টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। ফাইনাল ম্যাচের টিকিটের দাম সর্বনিম্ন ৪১৮৫ ডলার এবং সর্বোচ্চ ৮৬৮০ ডলার।

ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) ফিফার এই মূল্যনীতিকে ‘বিশ্বাসভঙ্গ’ হিসেবে উল্লেখ করে কঠোর সমালোচনা করেছে। তবে ফিফার দাবি, টিকিটের বিপুল চাহিদা সমর্থকদের অসন্তোষের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

ম. র

Bijoy

সর্বশেষ