ছবি : সংগ্রহ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আবু ধাবিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।দুই ওপেনার তানজিদ হাসান ও শাদমান ইসলামের ব্যাটে প্রথম সেশনেই বড় সংগ্রহের ভিত গড়ে তুলেছে বাংলাদেশ। মধ্যাহ্নবিরতির আগে ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান করেছে দল।উদ্বোধনী জুটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ। অন্য প্রান্তে শাদমান ছিলেন ধীরস্থির।
দুই ওপেনারের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২৪ রানের জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তারা।
মাত্র ৭১ বলে ৮৩ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। তার ঝোড়ো ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। টেস্টের প্রথম সেশনেই এমন আগ্রাসী ব্যাটিংয়ে আফগান বোলারদের চাপে ফেলে দেন এই বাঁহাতি ব্যাটার।
ইনিংসের ২৩তম ওভারে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটে। পেসার ইসমাত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৮৩ রানেই থামতে হয় তাকে।
তানজিদ ফেরার পর ক্রিজে আসেন মুমিনুল হক। মধ্যাহ্নবিরতিতে শাদমান ৭৯ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৫টি চার। অন্যদিকে মুমিনুল ৭ বলে ৫ রান নিয়ে অপরাজিত থেকে বিরতিতে যান।
প্রথম সেশনে আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইসমাত। ৭ ওভার বল করে ২টি মেডেনসহ ১৭ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। ইয়ামিন আহমাদজাই ৬ ওভারে ৩৭ রান এবং মোহাম্মদ সলিম ৭ ওভারে ৩১ রান দেন। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি ৩ ওভারে খরচ করেন ২৪ রান।
ম.র





