শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩

Aporup Bangla

বিশ্ব পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, বৈশ্বিক যুদ্ধ চায় না রাশিয়া: মেদভেদেভ

সারাবিশ্ব

অপরুপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৬

সর্বশেষ

বিশ্ব পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, বৈশ্বিক যুদ্ধ চায় না রাশিয়া: মেদভেদেভ

ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও ক্রেমলিনের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং রাশিয়া আর কোনও বৈশ্বিক সংঘাত চায় না। সোমবার এক সাক্ষাৎকারে তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ মন্তব্য করেন।

মেদভেদেভ বলেন, “ব্যথা সহ্য করার সীমা ক্রমেই কমে আসছে। আমরা কোনও বৈশ্বিক সংঘাতে আগ্রহী নই। আমরা পাগল নই। তবে বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।”

তিনি সতর্ক করে বলেন, পশ্চিমা দেশগুলো বারবার রাশিয়ার স্বার্থ উপেক্ষা করেছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। মেদভেদেভ কিয়েভ ও পশ্চিমা শক্তিগুলোর প্রতি কড়া ভাষায় সতর্কতা জারি করেছেন এবং বলেছেন, যুদ্ধের বিস্তার পারমাণবিক প্রলয়ের দিকে যেতে পারে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সবচেয়ে বড় সংঘাত শুরু হয়। ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধকে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে দেখছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে দফায় দফায় আলোচনা চালাচ্ছেন। মেদভেদেভ বলেন, ওয়াশিংটনের সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু হওয়াটা আশাব্যঞ্জক।

তিনি আরও জানান, মস্কো কৌশলে উত্তেজনা বৃদ্ধির ‘কার্ড’ ব্যবহার করছে যাতে ইউক্রেনের মিত্ররা যুদ্ধে অতিরিক্ত জড়িয়ে না পড়ে। ক্রেমলিন ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে এই কর্মকাণ্ডকে অভিহিত করছে।

মেদভেদেভের ভাষ্য অনুযায়ী, রাশিয়া নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেবে। তবে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো এই যুদ্ধকে সাম্রাজ্যবাদী ভূখণ্ড দখলের প্রচেষ্টা হিসেবে দেখছে। তারা মনে করছে, রাশিয়া যদি ইউক্রেনে জয়ী হয়, একদিন ন্যাটোর ওপরও হামলা চালাতে পারে।

উল্লেখ্য, ২০১৪ সালের মাইদান বিপ্লবের পর ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী আন্দোলনের সূত্রপাত হয়। রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় এবং মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে।

মেদভেদেভ বলেছেন, “সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি অতিরিক্ত এবং অত্যন্ত বিপজ্জনক। রাশিয়া বৈশ্বিক সংঘাত চায় না, তবে বিশ্বকে সতর্ক থাকতে হবে।”

ম.র

Bijoy

সর্বশেষ