ফাইল ছবি
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য পুলিশ। আটকদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহজনক গতিবিধির কারণে এই ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের কাছে কোনো বৈধ নথিপত্রও পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস-এ তাদের চাপিয়ে পশ্চিমবঙ্গে নেওয়া হয়েছে। তবে তাদের পরবর্তী গন্তব্য সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, আটকদের মধ্যে শিশুদের বাদে বাকিরা বেঙ্গালুরুতে দীর্ঘদিন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। নাগরিকত্ব সম্পর্কিত বৈধ নথি প্রদর্শনের ক্ষেত্রে তারা ব্যর্থ হন।
হাওড়া স্টেশনে আনার পর তাদের পরবর্তী ব্যবস্থা সম্পর্কে পুলিশ কোনো মন্তব্য করেনি।
ম.র





