ফাইল ছবি
মেক্সিকোর পুয়ের্তো ভাল্লার্তা শহরের একটি কারাগার থেকে ২৩ জন কয়েদি পালিয়েছে। এটি ঘটেছে মাদক পাচারকারী গ্যাং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (CJNG) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাতের সুযোগে। ঘটনা ঘটেছে গত ২২ ফেব্রুয়ারি, রোববার।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, CJNG-এর প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা কেরভান্তেস বা এল মেঞ্চো সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডের বিশেষ অভিযানে নিহত হওয়ার পর পুয়ের্তো ভাল্লার্তা শহরে অস্থিরতা সৃষ্টি হয়। গ্যাংয়ের লোকজন বহু সড়ক বন্ধ করে, পুলিশ স্টেশনে হামলা চালায় এবং বেশ কিছু গাড়িতে আগুন ধরায়।
অস্থিরতার সময়ে গ্যাংয়ের সশস্ত্র সদস্যরা কারাগারের ফটক ভেঙে কয়েদিদের পলাতক করে। গত তিন দিনে বেশিরভাগ কয়েদিকে ফের গ্রেপ্তার করে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনও ২৩ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।
পুয়ের্তো ভাল্লার্তার উত্তেজনা অনেকখানি প্রশমিত হলেও জালিস্কোর প্রাদেশিক সরকার এই সংঘাত ও পলাতক কয়েদি সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। প্রাদেশিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জুয়ান পাবলো হার্নান্দেজ অন্যান্য প্রদেশের সরকারের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন পলাতক কয়েদিদের ধরতে।
ম.র





