ফাইল ছবি
সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৪০টি দেশের ডিম ও মুরগির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নিষিদ্ধ দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনা, বুলগেরিয়া, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিসর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নাইজার, নাইজেরিয়া, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোটে ডি ভোয়ের এবং মন্টিনিগ্রো।
১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চলের ওপর বিধিনিষেধের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন্স, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং ডি আর কঙ্গো।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও দেশীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা থাকা দেশগুলোর কাঁচা মুরগি ও ডিমে প্রভাব পড়লেও তাপের মাধ্যমে প্রক্রিয়াজাত পণ্যে কোনো বাধা নেই। এছাড়া অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষার মান মেনে চললে নিষিদ্ধ দেশগুলোর আমদানিকারকরা পণ্য সরবরাহ করতে পারবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মূলত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা এবং নিউ ক্যাসল রোগের ছড়িয়ে পড়া রোধ করতেই সৌদি কর্তৃপক্ষ আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।
ম.র





