ফাইল ছবি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে লড়ছে আফ্রিকার বিভিন্ন দেশের ১,৭৫০ জনেরও বেশি সেনা। বুধবার কিয়েভে ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো আবলাকাওয়ার সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সাইবিহা।
সাইবিহা জানান, “পরিচিত প্রতারণাপূর্ণ কৌশলের মাধ্যমে আফ্রিকার নাগরিকদের রাশিয়ার পক্ষে আনা হচ্ছে। আমাদের তথ্য অনুযায়ী বর্তমানে আফ্রিকার ৩৬টি দেশ থেকে ১,৭৮০ জনেরও বেশি নাগরিক রুশ বাহিনীতে লড়াই করছে।”
ঘানার পররাষ্ট্রমন্ত্রী আবলাকাওয়া সংবাদ সম্মেলনে বলেন, এই আফ্রিকান সেনাদের অধিকাংশের আগে কোনো সামরিক বা নিরাপত্তা বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা নেই। তাদের চাকরির প্রতিশ্রুতি ও অন্যান্য প্রলোভন দেখিয়ে রাশিয়ায় আনা হয় এবং পরে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।
আফ্রিকার তরুণ-যুবকদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া থেকে বিরত রাখতে ঘানা ও আফ্রিকার দেশগুলোর জোট, আফ্রিকান ইউনিয়ন, কার্যক্রম চালাবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের পদক্ষেপের উত্তরে রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। আজও সেই অভিযান চলমান রয়েছে।
ম.র





