ফাইল ছবি
ইরান জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার নিহত হওয়ার ঘটনায় তেহরান এটিকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে উল্লেখ করেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো ওই চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, এ হত্যাকাণ্ড একটি ‘বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা’ সৃষ্টি করেছে। এটি রাষ্ট্রকাঠামোর মৌলিক নীতি ও জাতিগুলোর মধ্যে সভ্য আচরণের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।
চিঠিতে হামলাটিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তেহরানের মতে, এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।
আরও বলা হয়, এ ঘটনা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য একটি বিপজ্জনক ‘প্যান্ডোরার বক্স’ খুলে দেওয়ার শামিল। এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সমতা ও বৈশ্বিক স্থিতিশীলতার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
ইরান জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় সনদ অনুযায়ী তাদের দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সবশেষে চিঠিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারকে এই ঘটনার জন্য পূর্ণ জবাবদিহিতার আওতায় আনতে অবিলম্বে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
ম.র





