ফাইল ছবি
লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, লেবাননের জনগণ ও তাদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের জনগণ ও হিজবুল্লাহর নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এ হামলা করা হয়েছে। প্রতিরোধী শক্তির নেতৃত্ব আমাদের শিখিয়েছে, অব্যাহত ইসরায়েলি আগ্রাসন ও আমাদের নেতা-কর্মী এবং সমর্থকদের গুপ্তহত্যার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার আমাদের রয়েছে। আমরা যথাযথ সময়ে সেই অধিকারের প্রয়োগ করেছি।”
বাংলাদেশ সময় সোমবার ভোরে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে রকেট ছোড়া হয়। ঘটনার পরপরই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে প্রতিবেদন প্রকাশ করে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পর এই প্রথম লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হলো।
এদিকে, নাওয়াফ সালাম এ হামলাকে ‘দায়িত্বহীন’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ লেবানন ও দেশটির জনগণের নিরাপত্তাকে আরও সংকটের মুখে ঠেলে দিতে পারে।
ম.র





