শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩

Aporup Bangla

ময়মনসিংহে ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা, তিন মালিককে তলব

দেশজুড়ে

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২১, ১৪ ডিসেম্বর ২০২৫

সর্বশেষ

ময়মনসিংহে ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা, তিন মালিককে তলব

ফাইল ছবি

ময়মনসিংহ নগরীতে হেলে পড়া একটি পাঁচতলা ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। একই সঙ্গে নির্মাণাধীন একটি ভবনসহ মোট তিন ভবনের মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ তলব করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর গোলকিবাড়ী বাইলেন কাজী অফিস সংলগ্ন এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসন ও মসিকের কর্মকর্তারা। পরিদর্শনকালে ভবনটির দেয়ালে ফাটল ও কাঠামোগত ঝুঁকি চিহ্নিত হওয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মসিকের সচিব সুমনা আল মজিদ জানান, হেলে পড়া ভবনটি, নির্মাণাধীন গ্রীন ডেভেলপমেন্টের ভবন এবং পাশের একটি ১৩ তলা ভবন—কোনোটিই বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়নি। বিশেষ করে গ্রীন ডেভেলপমেন্টের নির্মাণাধীন ভবনে বিল্ডিং কোড লঙ্ঘন করে পাইলিং করার কারণেই পাশের পাঁচতলা ভবনটি হেলে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে ওই প্রতিষ্ঠানের পাইলিং কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গ্রীন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানটি ২০১৭ সালে তৎকালীন পৌরসভা থেকে ১৩ তলা ভবনের অনুমোদন নিলেও নির্ধারিত তিন বছরের মধ্যে নির্মাণকাজ শুরু করা হয়নি। বর্তমানে যে নির্মাণকাজ চলছে, তার অনুমোদনের মেয়াদ প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়ে গেছে। এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট তিন ভবনের মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ তলব করা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, নকশা অনুমোদন কমিটির সদস্য প্রকৌশলী মো. নেসার আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা, ফায়ার সার্ভিস কর্মকর্তা জুলহাস উদ্দিন, সহকারী পুলিশ সুপার তাহতিনা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীর অধিকাংশ ভবন বিল্ডিং কোড না মেনে নির্মিত হওয়ায় তারা চরম আতঙ্কে রয়েছেন। সরু রাস্তায় ১৩ থেকে ২০ তলা ভবনের অনুমোদন দেওয়া হয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তারা নগর কর্তৃপক্ষের অবহেলার অভিযোগও তোলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্মাণাধীন গ্রীন ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের মালিকানার সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর কয়েকজন দায়িত্বশীল নেতার সম্পৃক্ততার কথা জানা গেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের একজন, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. কামরুল হাসান মিলন বলেন, তিনি মালিকানার সঙ্গে যুক্ত থাকলেও ভবন নির্মাণ তদারক করছেন স্বপন নামের একজন ব্যক্তি। তবে স্বপনের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে হেলে পড়া পাঁচতলা ভবনের মালিক রফিকুল ইসলাম জানান, তার লন্ডনপ্রবাসী ভাই রিয়াজুল আমিন অরুন ২০১১ সালে ভবনটি নির্মাণ করেন। সম্প্রতি পাশের জমিতে গ্রীন ডেভেলপমেন্ট বিল্ডিং কোড না মেনে পাইলিং কাজ শুরু করায় ভবনটি হেলে পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।

এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ভবনটির দেয়াল ও সামনের মাটিতে ফাটল দেখা দিলে বিষয়টি নজরে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভবনটি তালাবদ্ধ করে দেয়, যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে।

ম. র

Bijoy

সর্বশেষ