ফাইল ছবি
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে বিএনপির দুইজন এবং জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখা।
মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
বিএনপির দুই প্রার্থী হলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ। মির্জা ফয়সল আমিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আব্দুল আলীম নিজামী। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খালেদুল ইসলাম। বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।
আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ম.র





