সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩

Aporup Bangla

লাইসেন্স ছাড়াই চলছে ২২ পেমেন্ট প্ল্যাটফর্ম, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

অপরূপ বাংলা প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫২, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

লাইসেন্স ছাড়াই চলছে ২২ পেমেন্ট প্ল্যাটফর্ম, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

অনলাইনে অর্থ লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন বা লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করা ২২টি অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম বা গেটওয়ে শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মের কার্যক্রমকে বেআইনি ঘোষণা করে সম্প্রতি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা লাইসেন্স ছাড়া এসব প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া দেশের ভেতরে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট ব্যবস্থা পরিচালনা কিংবা কোনো ধরনের পেমেন্ট সেবা দিতে পারবে না।

আইন অমান্য করলে একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। সাধারণ মানুষ যাতে আইনি জটিলতা বা আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সে জন্য এসব অবৈধ পেমেন্ট গেটওয়ে ব্যবহার না করা এবং এগুলোর সঙ্গে কোনো ধরনের লেনদেন বা কার্যক্রমে যুক্ত না হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

যেসব প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে অবৈধ ও লাইসেন্সবিহীন হিসেবে চিহ্নিত পেমেন্ট প্ল্যাটফর্মগুলো হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay, CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay.Ltd, Biswasto এবং PipraPay।

বাংলাদেশ ব্যাংক নাগরিকদের এসব প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার পাশাপাশি অনলাইনে অর্থ লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত ও বৈধ পেমেন্ট সেবা ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

ম.র

সর্বশেষ