ফাইল ছবি
দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে দুই হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৫৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৭ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৩২৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৩২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭৩ হাজার ৬৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৭৫৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৫ জনে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।
২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
এর আগে ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও ভয়াবহ। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।
ম.র





