ফাইল ছবি
ঘটনাটি যেন সিনেমার মতো। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রবাসী প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। কিন্তু সেই দেখা-সাক্ষাৎই পাঁচ মাসের প্রেমকে পরিণয়ে নিয়ে আসে। বর্তমানে ‘ডিপ ফ্রিজ’ খ্যাত এই নায়িকা এখন বিবাহিত।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিয়ে অনুষ্ঠিত হয়েছে লাস ভেগাসের একটি পাঁচতারকা হোটেলে। সেই মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং টালিগঞ্জে বিষয়টি আলোচনা তৈরি করেছে।
বিবাহিত পাত্রের নাম সুজিত বসু, পেশায় তিনি আইটি ইঞ্জিনিয়ার এবং আটলান্টায় বসবাস করছেন। সুজিত প্রবাসে ২৮ বছর ধরে আছেন। তনুশ্রীর সঙ্গে পরিচয় দীর্ঘদিনের হলেও, প্রেমের বয়স মাত্র পাঁচ মাস। এই সংক্ষিপ্ত সময়কেই তারা আজীবনের বন্ধনে পরিণত করেছেন।
তনুশ্রী ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, “ভাবনাটা ছিল শুধু ঘোরার। সুজিতের সঙ্গে কয়েকটা দিন একান্তে সময় কাটাব, এটি ভেবেই লাস ভেগাসে গিয়েছিলাম। বিয়ে করব, এটি স্বপ্নেও ভাবিনি।”
ঘুরে বেড়ানোর সময় হঠাৎ সুজিত প্রস্তাব দেন, “চলো, বিয়েটা সেরে ফেলি?”। তার ‘হ্যাঁ’ বা ‘না’ বলার আগেই রাতারাতি বিয়ে সম্পন্ন হয়। স্বপ্নের মতো সুন্দর লেহেঙ্গা ও মানানসই গহনা ব্যবস্থা করা হয়। তনুশ্রী বলেন, “সবটা এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। বিশ্বাসই হচ্ছে না যে ও রাতারাতি সব ব্যবস্থা করে ফেলল!”
ম. র





